ঢাবি শিক্ষক তাসনিমকে বহিষ্কারের দাবি ওলামা অ্যালায়েন্সের

শ্রেণিকক্ষে নিকাব পরা এক নারী শিক্ষার্থীকে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। একই সঙ্গে অভিযোগটি নিরপেক্ষ তদন্ত করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, কোনো শিক্ষার্থী ধর্মীয় পোশাক পরার কারণে তাকে অপমান, হেনস্তা বা সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। একজন শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদার প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা। সেখানে কোনো শিক্ষার্থীর ধর্মীয় পরিচয় বা পোশাককে কেন্দ্র করে তাকে হেয় করা শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে সত্যতা নিরূপণ করতে হবে জানিয়ে তারা বলেন, অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব, নিকাবসহ ধর্মীয় পোশাক পরিধানকারী শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের বৈষম্য, অপমান বা হয়রানি মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তারা। তারা বলেন, এ ধরনের ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসমাজকে দায়িত্বশীল ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো উচিত।
অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদ্ঘাটন, ভুক্তভোগী শিক্ষার্থীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
