logo

কওমি সনদের স্বীকৃতি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জমিয়তের

কওমি সনদের স্বীকৃতি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জমিয়তের

দেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার স্বীকৃত সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার অধিবেশনে দলের নেতারা এ দাবি জানান। দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ অধিবেশন পরিচালনা করেন। 

নেতারা দাবি করেন, দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও অবদানের মাধ্যমে কওমি সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করলেও এর কার্যকর প্রয়োগ এখনও সর্বক্ষেত্রে নিশ্চিত হয়নি। 

কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের ধর্মীয়, নৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জানিয়ে তারা বলেন, তাদের অর্জিত সনদের যথাযথ মূল্যায়ন এবং সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে চাকরি, উচ্চশিক্ষা এবং প্রশাসনিক সুযোগ-সুবিধায় কওমি সনদের পূর্ণ স্বীকৃতি বাস্তবায়ন জরুরি।

কওমি সনদের বাস্তবায়ন-সংক্রান্ত সব প্রতিবন্ধকতা দ্রুত দূর করে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কার্যকর করতে সকল স্তরের আলেম, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানায় জমিয়ত। 

তাদের মতে, কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অধিবেশনে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা বদরুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ।