Advertisement

সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করেছে: ইরান

এশিয়া পোস্ট প্রতিবেদক
সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করেছে: ইরান
ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির যোগদান অনুষ্ঠানে কথা বলছেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান। শুক্রবার ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে। ছবি: সংগৃহীত

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন তা বাস্তবায়নে অস্বীকৃতি জানাচ্ছে। জনগণের প্রত্যাশা ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে এ অবস্থান সাংঘর্ষিক।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টায় ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইরান বলেন, শুধু ক্ষমতার হাতবদল নয়, অর্থবহ রাষ্ট্রীয় পরিবর্তনই জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনার বহিঃপ্রকাশ। আমরা জান দেব, তবুও জুলাই দেব না। সংবিধানের শুধু সংশোধন নয়, প্রয়োজন রাষ্ট্র সংস্কার। জনগণের গণভোটের রায় সংসদে বাস্তবায়িত না হলে, জুলাই গণ-অভ্যুত্থানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিই রাজপথে তার ফায়সালা করবে।

রাজনীতি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বলেন, আমলা, পুঁজিপতি ও সুবিধাবাদীরা রাজনীতিতে অনুপ্রবেশ করে রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে। হাজার হাজার কোটি টাকা লুটকারীরা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে জাতীয় সংসদের সদস্য হয়েছে। আমরা খাই-খাই রাজনীতি ও লুটপাটের গণতন্ত্র চাই না। অর্থ, অস্ত্র, কালোটাকা, পেশিশক্তি, হুন্ডি ও গুন্ডাবৃত্তিনির্ভর রাজনীতির অবসান ঘটাতেই ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের চূড়ান্ত ফসল ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান।

জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে বাংলাদেশ লেবার পার্টি রাজপথে সক্রিয় থাকবে বলে জানান তিনি।

তার মতে, জনগণ একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও নতুন বন্দোবস্তের দাবি জানিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচনা করেছে।

তিনি বলেন, শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, আউয়াল মিয়া ও নাঈমরা বস্তাপচা ও নোংরা রাজনীতি টিকিয়ে রাখতে জীবন উৎসর্গ করেননি। তাদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে নতুন ধারার রাজনীতি এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিকে আরও সুসংগঠিত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক এ.আর.এম. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন ও সহ সভাপতি মো. শুভ আহমেদ।