logo

মনে হচ্ছে ৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে: রাশেদ খাঁন

মনে হচ্ছে ৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। ছবি: রাশেদ খাঁনের ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর ঘিরে নিউইয়র্কে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াতের নীরব ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করেছেন, মনে হচ্ছে ৯৬-এর পুরোনো প্রেম আবারও জেগে উঠেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আমি গতকাল বলেছিলাম, ২টা বিরোধীদলের অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে।’

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে আওয়ামী লীগের কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন তিনি। রাশেদ খাঁন বলেন, ‘দেশের ভেতরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাস-ট্রেনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং বিদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি লেখেন, ‘যতোটুকু বুঝতেছি, জামায়াত শক্তিশালী বিরোধীদল হিসেবে নিজেদের আবিষ্কারের জন্য আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে। অর্থাৎ নির্বাচনের পরে জাতীয় সংসদে জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে দেশ বিদেশের অনেকে জামায়াতকে কার্যকর বিরোধীদল হিসেবে মেনে নিতে পারেনি। আর এনসিপি জামায়াতে বিলীন হওয়ার কারণে তাদেরও কার্যকর বিরোধীদল হওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়েছে।’

পোস্টে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে অনেকের ধারণা, জামায়াত পরিস্থিতি বুঝতে পেরে রাজপথ গরম করার মাধ্যমে বিরোধীদলের আসন দখলে রাখতে চাচ্ছে, আর আওয়ামী লীগ জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে বিরোধীদল হিসেবে ফিরে আসার সুযোগ খুঁজছে। সব মিলিয়ে আওয়ামী লীগের অপতৎপরতা ও জামায়াতের হঠকারী রাজনীতি মোকাবিলা করে দেশ চালাতে হচ্ছে বিএনপি সরকারকে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।

তিনি লেখেন, ‘অথচ মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা সম্মিলিতভাবেই মোকাবিলা করা দরকার ছিল। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে জামায়াত পুরোপুরি নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে!’

এরপরই ১৯৯৬ সালের রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, ‘মনে হচ্ছে ৯৬ এর পুরাতন প্রেম আবারও জেগে উঠেছে..... জানি না, এই প্রেমের মাঝখানে এনসিপির অবস্থান কি হবে!’