logo

নির্বাচনি প্রচারণায় টাকা দিয়ে বিতর্কে ব্যারিস্টার শাহরিয়ার, চাইলেন ক্ষমা  

নির্বাচনি প্রচারণায় টাকা দিয়ে বিতর্কে ব্যারিস্টার শাহরিয়ার, চাইলেন ক্ষমা  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য ঢাকা-১৫ আসনে ভোট চেয়ে প্রচারণার সময় রাস্তায় পান বিক্রি করেন এমন একজনের সঙ্গে কথা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবিরের। কথা শেষে ওই পান বিক্রেতাকে এক হাজার টাকার একটি নোট দেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

পরে সে বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। সেখানে তিনি ক্ষমা চেয়ে লিখেছেন, ‘মানবিক আবেদন। আমি গত শনিবারে মিরপুর এলাকায় ব্যক্তিগতভাবে জামায়াতের সমর্থনে গণসংযোগকালে একজন পান ও সিগারেট বিক্রেতার সঙ্গে আমার সাক্ষাৎকালে জানতে পারি, তার সারা দিন তেমন বেচাবিক্রি হয়নি। আমি সবার সম্মুখে ক্যামেরার সামনে এক হাজার টাকা দান করি মানবিক দিক বিবেচনা করে। ওই একই স্থানে আমি বাচ্চাদের র‍্যাকেট কেনার কিছু টাকা গিফট করি এবং মিডিয়াকে আমি স্পষ্টভাবে বলি, এই মানবিক সাহায্যকে আপনারা অন্যভাবে দেখবেন না বা দেখার সুযোগ নেই।’

তিনি আরও লেখেন, ‘বাচ্চাদের র‍্যাকেট খেলার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে  Zulkarnain Saer Khan এবং বিভিন্ন গণমাধ্যম এই মানবিক সাহায্যকে অন্যভাবে প্রচার করার হীন চেষ্টা করেছেন। আমি অত্যন্ত মর্মাহত ও শোকাহত এমন দুর্বৃত্তায়নের জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে ও সবাইকে এমন দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করুক। তারপরও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।’

ভিডিওতে দেখা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর এলাকায় জামায়াতে ইসলামীর জন্য ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন শাহরিয়ার কবির। এ সময়  রাস্তায় একজন পান বিক্রেতার সঙ্গে কথা বলেন। কথা শেষে ওই পান বিক্রেতাকে এক হাজার টাকার একটি নোট দেন তিনি।