প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
শনিবার (৩০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকা পরিদর্শন করে বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে সারজিস লেখেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক ব্যবস্থাটি এ অবস্থার জন্য দায়ী, তাদের সবাইকে শাস্তির আওতায় আনা না হলেও এ উদ্যোগ প্রশংসার দাবিদার। এ জন্য তারেক রহমানকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ।
একই পোস্টে তিনি চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলোতেও প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে মাঠপর্যায়ে অভিজ্ঞতা নেওয়ার আহ্বান জানান।
