দেশকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে জাতীয় বিভক্তি তৈরি করেছেন ড. মুহাম্মদ ইউনূস: মাসুদ কামাল
-5814fc-720x405.webp)
দেশটাকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে দুর্ভাগ্যজনকভাবে ড. মুহাম্মদ ইউনূস শুরুতেই জাতীয় বিভক্তি তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষ একটি বড় ইতিবাচক পরিবর্তন আশা করলেও তিনি দেশকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে শুরুতেই বড় ধরনের বিভক্তি তৈরি করেছেন।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি।
মাসুদ কামাল বলেন, ৫ আগস্টের পর দেশের কোটি কোটি সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলা, লুটতরাজ ও ঢালাও মামলা দেওয়া বন্ধ করতে ড. ইউনূস কোনো কঠোর পদক্ষেপ নেননি। তিনি আরও বলেন, দেশকে আমেরিকার কাছে এক ধরনের দাসত্ব চুক্তিতে আবদ্ধ করা হয়েছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের।
তিনি বলেন, একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে ড. ইউনূস নিজেই স্বীকার করেছেন যে, দেশ পরিচালনায় তার নিজস্ব কোনো রূপরেখা বা সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। প্রবীণ ও অপ্রাতিষ্ঠানিক অনভিজ্ঞ তরুণদের নিয়ে গঠিত তার ক্যাবিনেট রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মাসুদ কামাল আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের নামে সরকারি অর্থের অপচয় এবং কমার্শিয়াল নিম্নমানের কাজ করা হয়েছে, যার সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকীর মতো বিতর্কিত ব্যক্তিরা জড়িত ছিলেন। ড. ইউনূস সংস্কারের নামে কেবল সময় অপচয় করেছেন, যা দেশের অর্থনীতিকে আরও পঙ্গু করে দিয়েছে।



-58ba16.jpg)