logo

১০ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির

১০ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির

নির্বাচনি ইশতেহারে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।

ইশতেহারে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ফ্রিল্যান্সিং খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই মধ্যে সাইবার নিরাপত্তা ও এআইসহ পাঁচটি খাতে দুই লাখ এবং ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে আট লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

এ ছাড়া দেশব্যাপী গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিতের পাশাপাশি সাবমেরিন ক্যাবল, FTTH এবং লো-অরবিট স্যাটেলাইটের মাধ্যমে ৯৯ দশমিক ৯৯৯ শতাংশ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু করবে বিএনপি।

দেশীয় সফটওয়্যার, অ্যাপ ও হার্ডওয়্যার পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে ‘মেইড ইন বাংলাদেশ’ উদ্যোগ জোরদারের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে। 

জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র স্থাপনসহ শক্তিশালী নীতিমালা প্রণয়ন করা হবে। একই সঙ্গে সাইবার বুলিং ও নাগরিক তথ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে বিএনপি।

ইশতেহারে উল্লেখ করা আরও পরিকল্পনার মধ্যে রয়েছে- পেপ্যালসহ আধুনিক ডিজিটাল পেমেন্ট সেবা চালু; জাতীয় ই-ওয়ালেট চালুর মাধ্যমে ক্যাশ-লাইট অর্থনীতি গড়ে তোলা; এআই-নির্ভর ডাটা সেন্টার ক্যাম্পাস, এজ ডাটা সেন্টার এবং ক্লাউড প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত করা; উদ্যোক্তাদের জন্য ১০ বছরের কর সুবিধা, ভর্তুকিযুক্ত ঋণ এবং স্টার্টআপ তহবিল গঠন; স্টার্টআপে বিনিয়োগের জন্য নাগরিক ও প্রবাসীদের অংশগ্রহণে আইনি কাঠামোর আওতায় জাতীয় ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম চালু।  

এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি প্রযুক্তিনির্ভর, কর্মসংস্থানমুখী ও উদ্ভাবনী অর্থনীতিতে রূপান্তর করা হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।