logo

বিচার বিভাগকে দলীয়করণ করা হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

বিচার বিভাগকে দলীয়করণ করা হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
লালমাই উপজেলা এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিচার বিভাগকে রাজনীতিকরণ ও দলীয়করণ করা হচ্ছে। ক্ষমতায় এসে বিচার বিভাগের আনুষ্ঠানিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীন করে রাজনীতিকরণ ও দলীয়করণ করা হচ্ছে। আমরা দেখেছি, বিচার বিভাগকে আত্মীয়করণ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, একচেটিয়াকরণ করা হচ্ছে।

বুধবার (২০ মে) দুপুরে লালমাই উপজেলা এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এতে এনিসিপির জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, মেধাবীদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। যেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়জনকে নেওয়া হয় না, ১৮তম জনকে নেওয়া হয় শুধুমাত্র দলীয় বিবেচনায়।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণ নেতৃত্ব প্রয়োজন এবং মানুষের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এনসিপি।