logo

৮২ অ্যাকাউন্টে ৫৪৮ কোটির লেনদেন, নিজাম হাজারীর আয়কর নথি জব্দ করতে চায় দুদক

৮২ অ্যাকাউন্টে ৫৪৮ কোটির লেনদেন, নিজাম হাজারীর আয়কর নথি জব্দ করতে চায় দুদক

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর ৮২টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনার তদন্তে তার আয়কর নথি জব্দের আবেদন করেছে সংস্থাটি।

মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালতে বুধবার (২৯ এপ্রিল) এ আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল।

এতে বলা হয়, ১৮ কোটি ৭২ লাখ টাকার গোপন বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন নিজাম হাজারী। এ ছাড়া তার সংশ্লিষ্ট ৮২টি ব্যাংক হিসাবে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা হয়েছে এবং উত্তোলন হয়েছে ২৬৮ কোটি ৬৬ টাকা। অসংখ্য সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন।

ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন জ্ঞাত আয় বহির্ভূত এমন অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলার তদন্তের স্বার্থে তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি সংগ্রহের জন্য আদালতের আদেশ প্রয়োজন। ফলে বুধবার বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হয় দুদক।

জুলাই অভ্যুত্থানের আগের তিন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন নিজাম হাজারী। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ঢাকা ও ফেনীসহ বিভিন্ন জেলায় নামে-বেনামে জমি ও বাণিজ্যিক ভবন কেনা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।