ইসলামী আন্দোলন /সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সারা দেশে গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন-২০২৬ এর বিরুদ্ধে দেশের সব বিভাগীয় শহরে দলটির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতারা এ বার্তা দেন।
দলটির নেতারা বলেন, ইসলামের উত্তরাধিকার আইনে হেবা সংক্রান্ত বিধানে সরকার এমন একটি সংশোধন এনেছে, যা ইসলামের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই আইনের উদ্দেশ্য ও পরিণতি ইসলামের অকাট্য উত্তারাধিকার আইনকে বাইপাস করা, উপেক্ষা করা। একজন মুসলমান প্রাত্যহিক জীবনে নানা অপারগতায় শরিয়ার কোনো কোনো বিধান মান্য না-ও করতে পারেন; সেটা মহান আল্লাহর কাছে ক্ষমাযোগ্য অপরাধ।
তাদের মতে, শরিয়ার কোনো বিধানকে উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়ার জন্য আইন করা মহান আল্লাহর সঙ্গে ধৃষ্টতা দেখানোর শামিল।
বাংলাদেশের মতো ৯১ শতাংশ মুসলমানের দেশে মহান আল্লাহর সঙ্গে এমন ধৃষ্টতা দেখানোর সুযোগ কোনো সরকারকে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের নেতারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নেতারা জোর দাবি জানিয়ে বলেন, সরকারকে অবশ্যই এই আইন থেকে সরে আসতে হবে। কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন বাংলাদেশ বাস্তবায়িত হতে দেওয়া হবে না।
প্রবীন নাগরিকদের স্বার্থ এবং পিতা-মাতার স্বার্থ রক্ষায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইসলামের মৌলিক শিক্ষা ছড়িয়ে দিতে হবে জানিয়ে নেতারা বলেন, শিশুদের মনে পিতা-মাতার সম্মান সম্পর্কে ইসলামের বয়ান গ্রোথিত করে দিতে হবে এবং পিতা-মাতার প্রতি কর্তব্যে অবহেলাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে সরকারকে স্বপ্রণোদিত হয়ে আইনের প্রয়োগ করতে হবে।
বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, সরকারের ছয় মাস অতিক্রান্ত হচ্ছে। এই ছয় মাসে রাষ্ট্র পরিচালনায় কোন ধরনের সফলতা দেখাতে পারেনি। দক্ষতা দেখাতে পারছে না। ফলে জ্বালানি সংকট, বিদ্যুত সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, সন্ত্রাসে বিপর্যস্ত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতেই হবে।


