‘দুই কারণে টিকবে না হেফাজতের জোট’

হেফাজতে ইসলামের নেতৃত্বে গঠিত সমমনা ইসলামি দল দুই কারণে টিকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
এশিয়া পোস্টের প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মুফতি ফখরুল ইসলাম বলেন, ইসলামি সমমনা দল প্রথমত ১১ দল ভেঙে সরকারদলীয় ‘বি টিমে’ পরিণত হওয়ার জন্য করা হয়েছে। দ্বিতীয়ত এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। তারা কখনও কোনো ঐক্য দীর্ঘস্থায়ী হতে দেয়নি। এরা একসঙ্গে ছিল না, থাকবেও না।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১১ দলীয় ঐক্য গঠন হলে আমি বলেছিলাম, এই জোট টিকবে না। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, কেন টিকবে না। বলেছিলাম, এখানে ইসলামী আন্দোলন আছে। তারা থাকলে কোনো জোটই বেশি দিন টিকে না।
হেফাজতের জোট গঠনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘সমমনা ইসলামি দল সরকারদলীয় চক্রান্তের অংশ। ১১ দল ভাঙতে এ জোট করা হয়েছে। এটি হেফাজতকে সরকারদলীয় প্ল্যাটফর্মে পরিণত করার নতুন ষড়যন্ত্র।’
কওমি ঘরানার সাত দলকে ঐক্যবদ্ধ করতে সংশ্লিষ্ট দলের নেতাদের নিয়ে চলতি বছরের ১৬ জুলাই বৈঠক করেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। কয়েকটি বৈঠকের পর গত ২২ অক্টোবর সমমনা ইসলামি দলের ব্যানারে কাজ করার নীতিগত সিদ্ধান্ত নেয় সাত দল।

