logo
Advertisement

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের গাড়িবহর কমানোর সিদ্ধান্ত এনসিপির

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের গাড়িবহর কমানোর সিদ্ধান্ত এনসিপির
এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : এশিয়া পোস্ট

জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির বিস্তারিত সময়সূচি ও পরিকল্পনা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement

জনভোগান্তি ও আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে বহরের গাড়ির সংখ্যা পাঁচ-ছয় হাজার থেকে কমিয়ে প্রায় এক হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্যের পাশাপাশি রোডম্যাপ ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

লংমার্চের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, প্রথমে আমরা ঢাকার শাপলা চত্বরে সকাল ৭টায় উপস্থিত হব। সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এরপর আমরা গাড়িগুলো সিরিয়াল করে নেব। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম শাপলা চত্বরে অনুষ্ঠিত হবে। সেখানে উদ্বোধনী বক্তব্য ও শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এরপরে আমরা গাড়ি ছেড়ে দেব।

তিনি আরও বলেন, ঢাকা থেকে বের হওয়ার পরে প্রথম পথসভা হবে চিটাগাং রোডের ট্রাক স্ট্যান্ডে, সিদ্ধিরগঞ্জে। সেখানে সকাল ৯টার সময় উপস্থিত হবো। এরপর কুমিল্লায় দুপুর ১২টায় উপস্থিত হব। নূর জাহান হোটেলের বিপরীতে একটি খালি জায়গায় আমরা কর্মসূচি করব। সেখানে দুপুরে খাবার দাবারের ব্যবস্থা থাকবে।

এরপর লংমার্চের গাড়িবহর নিয়ে ফেনীতে উপস্থিত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ফেনীতে যে জায়গাটায় আমরা উপস্থিত হব, সেটা হলো মহিপাল। সম্ভাব্য সময় করেছি দুপুর ৩টা। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস থেকে শুরু করে সব দলের ব্যাপক নেতাকর্মী অংশগ্রহণ করবেন। বাংলাদেশের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল শহর মিরসরাইয়ে আমরা উপস্থিত হব। সেখানে বিকেল ৫টা পর্যন্ত সময় থাকবে। সেখানেও সবাই অংশগ্রহণ করবেন। এরপর আমরা চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে রাত ৯টায় উপস্থিত হবো। সেখানে লাখ লাখ লোক জমায়েত হবে এবং গাড়িবহরে যারা রয়েছেন তারাও জমায়েত হবেন।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের ও তীব্র চাপ সৃষ্টি হয়েছে, তা থেকে পরিত্রাণের লক্ষ্যেই এই লংমার্চ। বহর সংকুচিত করা হলেও চট্টগ্রাম লালদিঘী ময়দানে মহাসমাবেশে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।