সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: রাষ্ট্রসংলাপ ফোরাম

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া সিফাতের অবিলম্বে মুক্তি দাবি করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)। সংগঠনটি বলেছে, সিফাতের বক্তব্যে গালিগালাজের সমর্থন না করলেও একটি ভুলের কারণে কোনো তরুণকে দীর্ঘ সময় আটক রাখা বা দমনমূলক আচরণের শিকার করা গ্রহণযোগ্য নয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজু ভাস্কর্যে আয়োজিত এক কর্মসূচি থেকে সরকারের প্রতি এ আহ্বান জানায় রাষ্ট্রসংলাপ ফোরাম।
কর্মসূচিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সিফাত যে বক্তব্যে গালিগালাজ করেছেন, তা কোনোভাবেই সমর্থন করে না রাষ্ট্রসংলাপ ফোরাম। কোনো রাজনৈতিক নেতা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা সাধারণ নাগরিক—কারও প্রতিই এ ধরনের ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীনতা ও দায়িত্বশীলতার সীমা অতিক্রম করা উচিত নয়।
তবে সংগঠনটি মনে করে, সিফাত একজন তরুণ। একটি ভুলের কারণে তাকে দীর্ঘ সময় আটক রাখা বা দমনমূলক আচরণ করা কাম্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মানবিক ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সিফাতের দ্রুত জামিন ও মুক্তির ব্যবস্থা নিশ্চিত করা উচিত।
রাষ্ট্রসংলাপ ফোরাম আরও বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করে না, যেখানে মতপ্রকাশের কারণে কাউকে হয়রানি, মিথ্যা মামলা বা নির্বিচার গ্রেপ্তারের শিকার হতে হবে। সংগঠনটির বক্তব্য, ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী মত ও বিপ্লবীদের দমন, গ্রেপ্তার এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির যে সংস্কৃতি ছিল, বর্তমান বাংলাদেশে তার পুনরাবৃত্তি তারা দেখতে চায় না।
সরকারের প্রতি ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা, আইনের শাসন নিশ্চিত করা এবং নাগরিকের মতপ্রকাশের অধিকার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানায় রাষ্ট্রসংলাপ ফোরাম।
কর্মসূচিতে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস বলেন, সর্বোপরি অবিলম্বে সিফাতকে মুক্তি দিতে হবে। আমরা গালিগালাজের পক্ষে নই, কিন্তু একটি ভুলের কারণে কোনো তরুণকে দমন-পীড়নের শিকার করাও মেনে নেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় তারা একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ চান। সরকার ক্ষমতার অপব্যবহার করলে রাষ্ট্রসংলাপ ফোরাম বিপ্লবী ও সচেতন জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী কঠোর ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করবে।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী ও সংগঠক মারিয়ম মোকাদ্দাস মিস্টি। এ ছাড়া রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

