ছাত্রদলের আসন্ন পরিণতি ভালো হবে না: জাহিদুল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রদলের আসন্ন পরিণতি ভালো হবে না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তিনি তার ফেসবুক পোস্টে একথা বলেন।
জাহিদুল বলেন, ‘রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকতে খুবই পরিকল্পিতভাবে ক্যাম্পাসমূহ অস্থিতিশীল করছে ছাত্রদল।’
তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) শাহবাগ থানায় নিজেরাই নাটক সাজিয়ে ডাকসুর নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করলো। এটা খুবই খারাপ উদাহরণ হলো। এই কাজগুলো ইতিপূর্বে ছাত্রলীগ করতো।’
ছাত্রশিবিরের সাবেক সভাপতি বলেন, ‘তাহলে কি ছাত্রলীগের পলিসি নিয়েই ছাত্রদল সামনে অগ্রসর হচ্ছে। এই ভুল রাজনীতির কারণে ছাত্রদলের আসন্ন পরিণতি খুব একটা ভালো হবে বলে মনে করি না।’
উল্লেখ্য, রাজধানীর শাহবাগ থানায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, থানার ভেতরে আটকে জুবায়ের ও মোসাদ্দেককে বেধড়ক মারধর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহবাগ থানায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে আসেন তারা। এ ছাড়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান নূর আলভিও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট ছড়ানো হয়। সেই পোস্টকে ভুয়া দাবি করে রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় জিডি করতে যান ডাকসু শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।
গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা, এ ঘটনার পর রাত ৮টার দিকে শাহবাগ থানায় প্রবেশ করেন এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা তাদের ঘিরে ধরেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরে ছাত্রদল নেতাকর্মীরা তাদের দুজনকে কিল-ঘুষি মারতে শুরু করেন।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিকও ছাত্রদল নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।