Advertisement

মারা গেছেন যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু

এশিয়া পোস্ট প্রতিবেদক
মারা গেছেন যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু
জাকির হোসেন নান্নু। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে নান্নু স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ তীব্র হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে জাকির হোসেন নান্নুর চিরবিদায়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

রোববার (১৯ জুলাই) ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লেখেন, ‘প্রিয় সহযোদ্ধা, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক, প্রিয় নান্নু ভাই আপনাকে ভুলতে পারব না।’

যুবদলের এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।