logo

ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের হিসাব প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের হিসাব প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে দেবিদ্বার উপজেলায় দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ও ‘জবাবদিহিতা’ নামের পেজে তিনি পোস্টে এসব তথ্য প্রকাশ করেন তিনি।

এতে হাসনাত আব্দুল্লাহ জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এনআইডি নম্বর ও মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যেকোনো তথ্য উন্মুক্তযোগ্য রাখা হয়েছে।

তিনি জানিয়েছেন, নির্ধারিত তালিকার ভিত্তিতে এক হাজার জন মানুষকে নগদ এক হাজার টাকা করে, মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে।

পোস্টে কুমিল্লা-৪ আসনের এই এমপি বলেন, যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সেজন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হলো। সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি এবং মূল লক্ষ্য ছিল প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, সব সুবিধাবঞ্চিত মানুষ এই বরাদ্দের আওতায় এসেছে কি না—এমন প্রশ্ন আসে। হাসনাত বলেন, সব সুবিধাবঞ্চিত মানুষ এই সহায়তার আওতায় আসেনি। সরকারি বরাদ্দ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র এক হাজার জন এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধাবঞ্চিত মানুষ এখনও বাকি থাকতে পারে।