logo

আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জমিয়তের নিন্দা

আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জমিয়তের নিন্দা
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে জুমার নামাজ আদায় ও খুতবা শেষে ইসরায়েলি দখলদার বাহিনী আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, আল-আকসা মসজিদের খতিবকে নামাজ ও খুতবা শেষে আটক করা শুধু একজন ধর্মীয় ব্যক্তির ওপর নিপীড়ন নয়, বরং মুসলমানদের পবিত্র স্থান ও ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

আল-আকসা মসজিদ মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র স্থান জানিয়ে তারা বলেন, সেখানে ইবাদত-বন্দেগি ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া এবং আলেম-খতিবদের হয়রানি ও আটক কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

জমিয়ত নেতারা অবিলম্বে শেখ খালেদ আবু জুমআকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে আল-আকসা মসজিদে মুসলমানদের নির্বিঘ্নে নামাজ আদায়, খুতবা দেওয়া ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

আল-আকসাকে কেন্দ্র করে সব ধরনের দখলদারিত্ব, উসকানি, নিপীড়ন ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং আল-আকসা মসজিদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে জমিয়ত নেতারা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক নিপীড়ন ও ধর্মীয় অধিকার হরণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করতে হবে।