মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। এ জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে পাঠানোর বিষয়ে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
পরিবার ও দলীয় সূত্র জানায়, বুধবার ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাতে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে জামায়াতের আমির শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন।
বর্তমানে তার চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।