বিএনপির আরও ২ নেতার প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর ও কুমিল্লা-১০ আসনে দলটির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) আলাদা আপিল শুনানি শেষে ইসি এ রায় দেয়।
বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া এবং হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি।
জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সরোয়ার আলমগীর ঋণখেলাপি হওয়ার কারণে জামায়াত প্রার্থীর করা সেই আপিলটি মঞ্জুর করে ইসি। এর ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
এদিকে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক বলে আপিলে অভিযোগ করা হয়। এই প্রার্থী আপিল শুনানিতে অনুপস্থিত ছিলেন। ইসি তার মনোনয়নপত্র বাতিল করে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন রোববার সকাল ১০টা থেকে কার্যক্রম শুরু হয়। এদিন মোট ৬৫টি আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে কমিশনের।
উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। শনিবার পর্যন্ত আট দিনে ৪১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে ২০০টি আবেদন বাতিল হয়েছে এবং ৩০টি আবেদন স্থগিত রাখা হয়েছে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।