সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার নিন্দা জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেছেন, স্থানীয় প্রশাসন এনসিপির সমাবেশে হামলার দায় এড়িয়ে যেতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নষ্ট হয়ে যাবে। তাই অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনানুগ বিচার দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইফ নাহিদ ইসলামের উপস্থিতিতেই এই হামলা সংঘটিত হয়েছে। দেশের আইনশৃংখলা পরিস্থিতি যে কতটা নাজুক এই ঘটনা তারও একটি নজির। কোন সন্ত্রাসী দূর্বৃত্তদেরকে দলীয় রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করা যাবে না।
সাইফুল হক বলেন, বিএনপি সরকার গঠনের পাঁচমাস অতিবাহিত হলেও এখনও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি; সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্বৃত্ত, মাফিয়ারা এখনও দেশব্যাপী তৎপর রয়েছে। এরা মানুষের স্বাভাবিক জীবন জীবিকাকেও হুমকির মধ্যে নিক্ষেপ করছে। কোথাও কোথাও এরা বিগত সময়ের মত স্থানীয় প্রশাসনকেও জিম্মি করে ফেলেছে। এইসব সামাজিক নৈরাজ্যকে আর বাড়তে দেওয়ার কোন সুযোগ নেই।
তিনি বলেন, কোন সন্ত্রাসী দূ্বৃত্তকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা করার অবকাশ নেই। যে কোন সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করার আহবান জানিয়েছেন সাইফুল হক।




