ফ্যাসিবাদের সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না: জামায়াত আমির

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব হয়েছিল জানিয়ে সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের সেই অন্ধকার সময়ে আমরা আর ফিরতে চাই না।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন।
জামায়াত আমির লিখেছেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয়পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমনপীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।
‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’
এর আগে, ডাকসু ভিপি সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ একটি কালো দিন। আজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, এখন টেলিভিশনের মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন, মোহাম্মদ আজহারুজ্জামান মোট পাঁচজন সাংবাদিককে ‘জোরপূর্বক চাকরিচ্যুত’ করার ষড়যন্ত্র করা হয়েছে।
‘ঘটনার পরিক্রমায় যতদূর জানলাম, তাদের কাউকে জোরপূর্বক অফিস থেকে বের করা হয়েছে, আবার কাউকে কাউকে অফিস প্রাঙ্গণে ঢুকতেই দেওয়া হয়নি। এটাই তাহলে বিএনপি সরকারের প্রথম কার্যদিবসে গণমাধ্যমের জন্য বিশেষ পুরস্কার। তাদের অপরাধ? তাদের অপরাধ হলো জুলাইয়ের পক্ষে থাকা। জুলাইকে ধারণ করা।’
সাদিক কায়েম আরও লিখেছেন, চব্বিশের জুলাই বিপ্লবে নয় দফা প্রচারে এই সাংবাদিকদের ভূমিকা ছিল অনেক। জুলাইপন্থি সাংবাদিক হওয়ার কারণে তাদেরকে আজ হেনস্তা করা হয়েছে। মব করে চাকরিচ্যুত করা হচ্ছে।
আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
‘সরকার, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রধানদের বলছি, কারও ওপর জুলুম করবেন না। সাংবাদিকদের কাজের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সর্বোপরি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করুন।’