logo

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারে নেবেন না

কৃষি ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারে নেবেন না

অন্তর্বর্তী সরকারের রিজার্ভের ৪০ হাজার কোটি টাকার মাধ্যমে সরকার ইশতেহার বাস্তবায়নে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার আন্তরিক মিলনায়তনে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরার অধিবেশনে এ কথা বলেন তিনি। 

গাজী আতাউর রহমান বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। পাঁচ-সাতটি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। 

তার মতে, দেশে অসাধু ব্যবসায়ীদের রাজত্ব কায়েম হয়েছে। 

নিত্যপণ্যের দাম সহনীয় করতে কার্যকরী পদক্ষেপ না নিলে সাধারণ জনগণ আবারও মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন আতাউর রহমান। 

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সিন্ডিকেট চক্র জ্যামিতিক হারে বাড়িয়ে দিচ্ছে। নিম্ন আয়ের মানুষ পারিবারিক প্রয়োজন পূরণ করতে হিমশিম খাচ্ছে। 

বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, নির্বাচনে ইসলামপন্থিদের উত্থান ঠেকাতে অন্তর্বর্তী সরকার বিদেশিদের সঙ্গে আঁতাত করেছে। প্রকৃত অবস্থান দেশের মানুষের সামনে উপস্থাপন না করতেই ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নিয়েছে এবং ভোটের হার কম দেখিয়েছে। এ দেশের মানুষ শরিয়াহ আইনকে ভালোবেসে তাদের সমর্থন ইসলামের পক্ষে দিয়েছে, কিন্তু ইন্টেরিম সরকার বিদেশিদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। 

অন্তর্বর্তী সরকারের নাম আজীবন গাদ্দার হিসেবে ঘৃণার সঙ্গে জনগণ স্মরণ করবে বলে জানান শাহ ইফতেখার। 

 

দলের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আব্দুল আউয়ালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।