logo

ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন সারজিস

ইশরাক ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন সারজিস
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন (বামে) ও এনসিপি নেতা সারজিস আলম (ডানে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই সাহসী সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য। কেন্দ্র থেকে তৃণমূল এখান থেকে শিক্ষা নিবে সেই প্রত্যাশা করি।’

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনার পর রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে বাংলাদেশ টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। তবে প্রচারিত খবর ‘সঠিক নয়’ বলে এশিয়া পোস্টের কাছে দাবি করে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘পদত্যাগের বিষয়টি ভিত্তিহীন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে এমন কোনো তথ্য জানানো হয়নি।’

এ ছাড়াও এক অডিও বার্তায় তিনি বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এমন কোনো সিদ্ধান্ত যদি আমাদের দল থেকে আমরা নিই, তাহলে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না। অবশ্যই সেখানে অফিশিয়ালি প্রেস কনফারেন্স করব, যেখানে সবাই উপস্থিত থাকবেন।’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তাও ইশরাকের পদত্যাগের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘পদত্যাগ’ বা ‘তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে’ মর্মে যে সংবাদটি প্রচারিত হচ্ছে— তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।