সরকারের কিছু ভুলে আজকের এ অবস্থা হয়েছে: নাহিদ ইসলাম

সরকারের অতীতের কিছু ভুলত্রুটির কারণে দেশের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিকে কোনো দলীয় লড়াই হিসেবে দেখার সুযোগ নেই। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্য প্রয়োজন। তবে সরকারের অতীতের ভুলত্রুটির কারণে বর্তমান অবস্থা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বও সরকারের।’
সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে চিন্তা না করে ভারতের সঙ্গে সম্পর্ক এবং আওয়ামী লীগের রাজনীতির বিষয়টি দীর্ঘমেয়াদে মোকাবিলার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। একই সঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি পররাষ্ট্রনীতি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে পরিচালিত না হয়।’
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সামাজিক ঐক্যের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতন ও সম্পত্তি দখলের শিকার হয়েছেন।’
এ পরিস্থিতি মোকাবিলায় সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগা, সুফি, সাংস্কৃতিক কর্মীসহ সব সামাজিক শক্তির সঙ্গে আলোচনা করে তাদের ঐক্যবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রচারণার জবাব দিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান এনসিপির আহ্বায়ক।



