বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দলটির পায়ের নিচে আর মাটি নেই।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, আমরা চেয়েছিলাম আপনারা পাঁচ বছর ভালো করে চালান। কিন্তু এখন বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পায়ের নিচে আর মাটি নেই। এ কারণে তারা অস্বাভাবিক আচরণ শুরু করেছে।
তিনি অভিযোগ করেন, সংবিধানের ২৯ নম্বর ধারা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকটসহ লোডশেডিংয়ের জন্যও সরকারের ব্যর্থতাকে দায়ী করেন তিনি।
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, বর্তমান সরকারের সময়ে বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন নিয়োগে দলীয়করণের মাধ্যমে বিরোধী মত দমনের চেষ্টা চলছে। রাজনৈতিক পরিচয় নয়, চাকরির ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেটে ৬৬৮ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেটে না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।