ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি এবার স্বতন্ত্র নন, বরং দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে কোন দলের হয়ে তিনি লড়বেন তা এখনও চূড়ান্ত করেননি বলে জানিয়েছেন হিরো আলম।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এশিয়া পোস্টকে এসব কথা জানান তিনি। তবে ঢাকা উত্তর নাকি দক্ষিণ সিটিতে নির্বাচন করবেন সে সিদ্ধান্ত এখনও নেননি হিরো আলম।
তিনি বলেন, আমি এবার দলীয় প্রতীক নিয়েই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমি জাতীয় সংসদ নির্বাচন করেছি। স্বতন্ত্র নির্বাচনে অনেক হয়রানি হতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি কোন দলের হয়ে এবার লড়াই করবো।
তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ নাকি উত্তর সিটি করপোরেশনে নির্বাচন করব, তা এখনও ঠিক করিনি। সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
কোন দলের হয়ে অংশ নেবেন জিজ্ঞাসা করলে হিরো আলম বলেন, আমি এখন তারেকের আমজনতা দলের লোক। তবে মানুষ সবসময় ভালো কিছু চায়। কয়েকটা দলের সঙ্গে কথা চলছে। আলোচনায় মিলে গেলে সবাইকে জানাবো।
গণসংযোগ ও প্রচারের বিষয়ে হিরো আলম বলেন, আমি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি। তবে যেদিকে গ্রহণযোগ্যতা বেশি, সেদিকে থাকার চেষ্টা করব।
এর আগে আমজনতার দলের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেননি।

