ভূগর্ভস্থ নয়, উপরের পানি সংগ্রহে নজর দিতে হবে: মির্জা ফখরুল

ভূগর্ভস্থ পানি নয়, উপরের পানি উৎস থেকে সংগ্রহে নজর দিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ভূগর্ভস্থ পানির পরিবর্তে আমাদের এখন সার্ফেস ওয়াটারের ব্যবহার বৃদ্ধির দিকে নজর দিতে হবে। বৃষ্টির পানি কীভাবে ধরে রাখা যায় সেটা ভাবতে হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটরিয়ামে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য হাতিরঝিলের পানি পরিশুদ্ধ করে ব্যবহার, আশুলিয়ার পানি সংরক্ষণও উৎস হতে পারে। একইসঙ্গে ঢাকার আশপাশের নদীগুলোর পানি ব্যবহার করার চিন্তা করতে হবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ঢাকায় এই সমস্যা আরও বেশি। ঢাকা গভীর নলকূপের পানির ওপর সব থেকে বেশি নির্ভরশীল। এটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক, বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ অধিক ব্যবহারের ফলে পানির লেয়ার নিচে চলে যাচ্ছে। পুরোনো চিন্তা বাদ দিয়ে নতুন করে কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে এখন ভাবতে হবে।