logo

পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ কোনো পতিত শক্তিকে দেওয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। সাবেক এই স্বৈরাচারী শাসককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে কয়েক দফা আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার।

তিনি বলেন, পতিত বা পরাজিত রাজনৈতিক শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল। তারা মূলত অপপ্রচারের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে।

বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়কণ্ঠে বলেন, বাংলাদেশে কোনো অপশক্তি, পতিত শক্তি, কিংবা কোনো ফ্যাসিস্ট, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে অস্থিরতা সৃষ্টির বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না।

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নিরীহ নাগরিককে হত্যা করেছে, তাদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশের মাটিতে আর বরদাশত করা হবে না।