জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্ট ইস্যুতে ছাত্রদলের বিক্ষোভ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের এক্স (পূর্বতন- টুইটার) একাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরের কাজকে 'আধুনিক পতিতাবৃত্তি'র সঙ্গে তুলনা করে যে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে গতকাল শনিবার রাতে জামায়াত আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন। দলের পক্ষ থেকেও এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। যদিও হ্যাক হওয়া অ্যাকাউন্টটি পরে তা উদ্ধার করা হয়।