logo

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: প্রথম আলো

রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ-সংক্রান্ত তথ্য জানিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৩৪ মিনিটে দেওয়া ওই পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো।

বাংলাদেশ পুলিশে কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) জব্দ করা হয়েছে। এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।

স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই।

এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত। হায় সেলুকাস। আমাদের এ বাংলাদেশ। তরুণদের আরেকবার জাগতে হবে।