ফ্যামিলি কার্ডে মিলবে সরকারি সব সুবিধা : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের অনেক প্রজেক্ট চালু আছে, কিন্তু সংগঠিত না। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চাই।
শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান দ্রব্যমূল্য নিয়ে বলেন, জনসংখ্যা বাড়ার সঙ্গে উৎপাদন বাড়াতে হবে। তৈরিকারক ও ক্রেতার মাঝে অনেকে কাজ করেন, যা স্বাভাবিক। তবে অনৈতিকভাবে লাভ করা ঠেকাতে হবে। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায়ও দ্রব্যের দাম অনেক সময় বেড়ে যায়। কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, যেই পরিকল্পনাই করি না কেনো, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য বিষয়গুলো ঠিক হয়ে যাবে।
মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বাচ্চাদের সঠিক শিক্ষা দিতে হবে। ছোট থেকেই সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।
ট্রাফিক ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলব। শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা সেখানে থাকবে। মেট্রোরেলের পাশাপাশি মনোরেল সুবিধাজনক হতে পারে, যা ঢাকার সব জায়গায় সংযোগ দিতে পারে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ফ্লাইওভার হয়েছে, মেট্রোরেল দেখছি। মেট্রোরেল কস্টলি, জায়গা বেশি নেয়। এক্ষেত্রে মনোরেল সুবিধাজনক। ছোট ছোট বগি এবং মেট্রোর সঙ্গে ঢাকার সব জায়গায় মনোরেল কানেক্ট করা যায়।
প্রবাসী প্রসঙ্গে তিনি বলেন, অদক্ষ অবস্থায় তরুণরা বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে তুলতে পরিকল্পনা রয়েছে। প্রবাসীরা সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাদের জন্য প্রণোদনা রাখা যেতে পারে।
পড়ালেখাকে ফান হিসেবে আনতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, পড়ালেখা সহজ করতে হবে, যাতে বাচ্চারা আগ্রহী হয়। শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলাও শিক্ষায় যুক্ত করব। খেলাধুলাতেও পাস করতে হবে। আর্ট অ্যান্ড কালচার অন্তর্ভুক্ত করা হবে। তাহলে ইন্টারনেট ব্রাউজ করা থেকে ঠেকানো যাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম করে কাজ করব আমরা।