নিজেদের দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে

আধ্যাত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক মানোন্নয়নের মাধ্যমে নিজেদের উপযুক্ত ও আদর্শ দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৭টায় ইস্ট লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে এক দায়িত্বশীল তারবিয়াহ মাহফিলে এ কথা জানান তিনি। খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা এর আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদির সালেহ বলেন, বাংলাদেশে ইসলামি আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক, জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, তবে আদর্শিক সচেতনতা ও কর্মদক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরোখানীর সঞ্চালনায় অনুষ্ঠিত তারহবিয়াহ মাহফিলে দারসে কোরআন পেশ করেন শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
সাদিকুর রহমান বলেন, প্রকাশ্য ও গোপনে সর্বদা আমাদের আল্লাহকে ভয় করতে হবে। যাবতীয় লোভ-লালসা ও ক্ষমতার মোহ থেকে মুক্ত থেকে সাংগঠনিক কাজের পাশাপাশি হালাল রুজি ও পবিত্র জীবনযাপন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর এতেই রয়েছে আমাদের প্রকৃত কল্যাণ।
