logo

‘সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে’

‘সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে’
ছবি : এশিয়া পোস্ট

শিশু মৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা, সারা দেশে বৃদ্ধি পাওয়া হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোন।

বুধবার (১৩ মে) বিকাল ৪টায় রাজধানীর ফার্মগেট চত্বরের আনন্দ সিনেমা হলের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, দেশের শিশুমৃত্যুর হার বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একে অপরের ওপর দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে।

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় এনে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরিফুল ইসলাম বলেন, সরকার বর্তমানে নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। সারা দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি গাজীপুরে পাঁচজন হত্যার ঘটনা, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই এবং দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির বিস্তার জনগণের মাঝে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া সীমান্ত হত্যা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর এই পরিস্থিতি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করে শিশু মৃত্যুর হার বন্ধ করতে হবে।

জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মাহিন তালুকদার ও মো. ওহিদুজ্জামান সুমন, সহসাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান ও তৌফিক নিয়াজসহ তেজগাঁও জোন এবং ঢাকা মহানগর উত্তরের নেতারা।

এ ড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। তাদের মধ্যে গুম প্রতিরোধ কমিশনের মোহাম্মদ কাইয়ুমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, কার্যকর টিকাদান ব্যবস্থা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।