logo

‘দুই ঘণ্টার মধ্যে মেজরকে চেঞ্জ করেছি, ওসিকে চেয়ার থেকে সরিয়েছি’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, পটুয়াখালী
‘দুই ঘণ্টার মধ্যে মেজরকে চেঞ্জ করেছি, ওসিকে চেয়ার থেকে সরিয়েছি’
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের এমপি শফিকুল ইসলাম মাসুদ। ছবি: এশিয়া পোস্ট

পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম মাসুদ দাবি করেছেন, তিনি দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর একজন মেজরকে বদলি এবং থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছেন।

গত শনিবার (৩০ মে) দুপুরে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যে এমপি মাসুদ বলেন, ‘অনেকে বলে— ভোটে এমপি হইছেন। আমি বলি, খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হইছি। পাওয়ার দেখাইতে আসবেন না। পাওয়ার দেখাইবে পাঁচ লাখ মানুষ।’

তিনি বলেন, ‘দুই ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি এখান থেকে, দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি।’

নিজের রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস কইরা জাইনা নিয়েন।’

এ সময় তিনি অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন- শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা (মাথা) গরম করবেন না। মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’

শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা উন্নয়ন তো কম করে নাই; সেতু, সড়কসহ নানা উন্নয়ন করেছে। তারপরও পালাতে হয়েছে কেন? উন্নয়ন করে যদি কেউ টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনারই টিকে থাকার কথা। কিন্তু পারে নাই কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে, এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না। জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়।

উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সম্পাদক খালিদুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।