এসএসএফ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পদ হারালেন ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়ে ওই কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
শনিবার (৩০ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ জারির কথা জানানো হয়।
ঘটনার সূত্রপাত হয় জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি চলাকালে। ওই সময় গাড়িবহরের পেছনের সড়কে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর গাড়ি দ্রুতগতিতে অতিক্রম করার সময় কিছু নেতা গাড়ির সামনে এগিয়ে যান এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বাকবিতণ্ডা ও গালিগালাজের অভিযোগ ওঠে।
তবে আব্দুর রহিম ভূঁইয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কোনো গালিগালাজ করেননি; বরং নিরাপত্তা টিমের পক্ষ থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং তিনি আহত হন বলে জানান।
এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনে কোনো ধরনের ছাড় না দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
