logo

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে ভয়াবহ সর্বনাশ হবে

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে ভয়াবহ সর্বনাশ হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনি প্রচারে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তিনি, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তবে মির্জা আব্বাস মনে করেন, বাংলাদেশের জন্য সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিএনপিকে হারানোর জন্য একটি নির্বাচনি প্ল্যান করা হয়েছে। সেই প্ল্যান বাস্তবায়ন হলে দেশের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে।

রাজধানীর শাহজাহানপুরে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবনে এশিয়া পোস্টকে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

কথোপকথনে আসন্ন নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা, বিএনপির প্রস্তুতি, নগর সমস্যাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন ঢাকা-৮ আসনের এই প্রার্থী।

এশিয়া পোস্ট : আসন্ন নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখছেন কি না?

মির্জা আব্বাস : মানুষ আসন্ন নির্বাচনে ভোট দিতে আগ্রহী। এই আগ্রহকে কেউ যদি বাধা দিতে চায়, হয়তো সাময়িকভাবে করতে পারবে, কিন্তু ভোটারদের কন্ট্রোল করতে পারবে না। ২০০১ সালে আমরা যখন ক্ষমতায় আসি, তখন শেখ হাসিনা বলেছিলেন—এক মিনিটের জন্যও আমাদের শান্তিতে থাকতে দেবেন না। এখন যারা আমাদের প্রতিপক্ষ, তারাও একই কাজ করবে। এই নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি না থাকলেও তাদের একটি ‘বি’ টিম আছে।

এশিয়া পোস্ট : প্রতিপক্ষের প্ল্যান মোকাবিলায় আপনাদের কোনো প্রস্তুতি আছে?

মির্জা আব্বাস : ভোটকে ভোটের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। চক্রান্তকে চক্রান্ত দিয়েও মোকাবিলা করা যায়, কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না। বিএনপি সারাজীবন ভোট করেই ক্ষমতায় এসেছে, চক্রান্ত করে নয়। তবে তারা যদি চক্রান্ত করে, আর আমরা আগেভাগে সেটি টের পেলে অবশ্যই মোকাবিলা করার চেষ্টা করব।

এশিয়া পোস্ট : মাঠে আপনার প্রতিপক্ষ কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবে বলে মনে হয়?

মির্জা আব্বাস : এই আশঙ্কা শুধু ঢাকায় নয়, সারাদেশের মানুষের মধ্যেই আছে। এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা নেই। তাই তারা প্রকাশ্যে বলছে— আমরাই জিতব। কিছু প্রার্থী বলছেন, ‘১২ তারিখের পরে দেখিয়ে দেব।’ তারা কি আল্লাহ তায়ালার সঙ্গে কথা বলে এসেছে? ভোট তো এখনো হয়নি। ভোটের মালিক জনগণ—তারা কবে ভোট দিয়েছে যে আগে থেকেই ফল জানা যায়? এটাই তো চক্রান্ত।

এশিয়া পোস্ট : ব্যক্তিগত আক্রমণের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন কি?

মির্জা আব্বাস : হ্যাঁ, আমি নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষ ব্যক্তিগত আক্রমণ করছে—এটা আচরণবিধির লঙ্ঘন। এখন নির্বাচন কমিশন বিষয়টি কীভাবে দেখছে, সেটা তাদের বিষয়।

এশিয়া পোস্ট : ভোটারদের কেন্দ্রমুখী করতে আপনাদের কোনো বিশেষ পরিকল্পনা আছে?

মির্জা আব্বাস : ভোটাররা এমনিতেই কেন্দ্রমুখী। তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, অপেক্ষা করছে।

এশিয়া পোস্ট : আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় তাদের ভোট কোন দিকে যেতে পারে বলে মনে করেন?

মির্জা আব্বাস : এটা যার যার সক্ষমতার বিষয়। ব্যক্তিগত সম্পর্কের কারণে কেউ ভোট টানতে পারে। তবে যদি আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত থাকে— কাকে ভোট দিতে হবে তাহলে সেটাও বাস্তবতা।

এশিয়া পোস্ট : নির্বাচনে বিজয় নিয়ে আপনি কতটা আশাবাদী?

মির্জা আব্বাস : যদি নির্বাচন সুষ্ঠু হয়, ইঞ্জিনিয়ারিং না হয়—তাহলে আল্লাহর রহমতে আমি পাস করব। বিএনপির সবাই পাস করবে। সুষ্ঠু নির্বাচন হলে আমরা সরকার গঠনে আশাবাদী। আর যদি ইঞ্জিনিয়ারিং হয়—তাহলে কী হবে বলা মুশকিল।

এশিয়া পোস্ট : তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা দেখছেন?

মির্জা আব্বাস : শতভাগ আশঙ্কা করছি।

এশিয়া পোস্ট : নগরবাসীর সমস্যা ও আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী

মির্জা আব্বাস : প্রথম সমস্যা জলাবদ্ধতা—এটা শুধু আমার এলাকা নয়, ঢাকাজুড়েই। এটা সমাধান করতেই হবে। আমি মুগদা হাসপাতাল করেছিলাম—এখন সেটি আমার এলাকার বাইরে। সেটাকে আধুনিকায়ন করতে হবে।

এশিয়া পোস্ট : ভবিষ্যতে আবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে আবাসন নিয়ে পরিকল্পনা কী

মির্জা আব্বাস : পরিবহন ব্যবস্থাকে আপডেট করলে ঢাকায় আবাসন সমস্যা থাকবে না। আমেরিকায় এক শহর থেকে আরেক শহরে ৪৫ মিনিটে যাতায়াত করে মানুষ চাকরি করে। আমাদের দেশে কেন সেটা বোঝা হয় না? ঢাকা শহরের যত্ন নেওয়ার লোক ছিল না। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সময় ও সুযোগের অভাবে পারিনি।

এশিয়া পোস্ট : বিএনপি ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত?

মির্জা আব্বাস : আমি পররাষ্ট্র নিয়ে সরাসরি কাজ করি না। তবে আমার মনে হয় যেখানে দেশের স্বার্থ সেখান থেকে সরব না। সবার সঙ্গে সম্পর্ক রাখব, কিন্তু জাতীয় স্বার্থ অক্ষুণ্ন থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করলে আমাদের কোনো সমস্যা হবে না।