logo
Advertisement

সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভাঙলে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভাঙলে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি
ঢাকাস্থ ক্যাম্পাস শাখার দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন রিদওয়ান মাযহারী। বৃহস্পতিবার পল্টনে। ছবি: সংগঠন সৌজন্যে

ছাত্র জমিয়ত বাংলাদেশের দায়িত্বশীল, সদস্য, কর্মী কিংবা সমর্থকদের কেউ ইসলাম ও কোরআন-সুন্নাহবিরোধী, সংগঠনের আদর্শ ও নীতিবিরোধী অথবা শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি রিদওয়ান মাযহারী।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আসর নামাজের পর রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ ক্যাম্পাস শাখার দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

সভাপতির বক্তব্যে রিদওয়ান মাযহারী বলেন, নিজেদের ইসলাম ও কোরআন-সুন্নাহবিরোধী এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের আদর্শ, নীতি ও শৃঙ্খলাবিরোধী সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে।

ইসলাম, জমিয়ত ও ছাত্র জমিয়তের স্বার্থে এবং আদর্শ ও নৈতিকতার প্রশ্নে আপস নয় জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তির পদ, পরিচয় কিংবা সাংগঠনিক অবস্থান তার অনৈতিক বা আদর্শবিরোধী কর্মকাণ্ডের ঢাল হতে পারে না। কারও বিষয়ে কোনো ধরনের পক্ষপাত, ছাড় বা প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।

তার মতে, দায়িত্বশীলদের ব্যক্তিজীবন, সাংগঠনিক আচরণ ও কর্মতৎপরতায় ইসলামের সৌন্দর্য এবং সংগঠনের আদর্শের প্রতিফলন ঘটানোই সংগঠনের প্রত্যাশা।

তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। একই সঙ্গে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন।