logo

জলাবদ্ধতার জন্য চট্টগ্রামের মেয়রের পদত্যাগ করা উচিত

জলাবদ্ধতার জন্য চট্টগ্রামের মেয়রের পদত্যাগ করা উচিত

চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য মেয়রসহ সংশ্লিষ্ট সবার দায় নিয়ে পদত্যাগ করা উচিত বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম।

বুধবার (২৯ এপ্রিল) দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে জান্নাতুল ইসলাম বলেন, চট্টগ্রামে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা একটি অভিশাপে পরিণত হয়েছে। ভারী বৃষ্টি হলেই বন্দরনগরী চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। শহরের রাস্তাগুলো নদীতে রূপান্তরিত হয়। নগরীর প্রধান সড়ক, অলিগলি—এমনকি গুরুত্বপূর্ণ মোড়গুলোও পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কার্যক্রম।

জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন জানিয়ে তিনি বলেন, অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়েছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। 

রাজনৈতিক ক্ষমা প্রার্থনাতেই জনগণের দুর্ভোগ লাঘব হচ্ছে না মন্তব্য করে ইসলামী আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, আজকে মেয়র শাহাদৎ হোসেন ‘ক্ষমা প্রার্থনা করেছেন।’ আমরা তার থেকে ক্ষমা প্রার্থনা চাই না, কাজ চাই। তিনি মেয়র হিসেবে ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব নিয়েছেন। তার দায়িত্বের সময়কাল দেড় বছর হতে চলল। তিনি ২৫ এর বর্ষাকালেও দায়িত্বে ছিলেন। তখনও জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে নগরী। বিগত এক বছরে তিনি কি কাজ করেছেন—তা নগরবাসী জানতে চায়। 

তার মতে, জলাবদ্ধতা নিরসনে বড় বড় প্রকল্প নেওয়া হলেও সেগুলোর যথার্থতা ও বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন আছে। মেয়র হিসেবে সেগুলোর তদারকি ও সমন্বয় করা তার দায়িত্ব। সেই দায়িত্বে পালন না করে জনগণকে দায় দেওয়া শোভা পায় না।

 

আসন্ন বর্ষায় জলাবদ্ধতা দেখতে চান না জানিয়ে তিনি বলেন, বর্ষা এখনও শুরু হয়নি। এখনও কিছু দিন সময় আছে। আমরা বলব, যা করার তাই করেন।