logo

চট্টগ্রাম সিটির মেয়র শাহাদাতকে এবার প্রশাসক নিয়োগ

চট্টগ্রাম সিটির মেয়র শাহাদাতকে এবার প্রশাসক নিয়োগ
শাহাদাত হোসেন। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ ফিরে পেয়েছিলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন। প্রায় ৩ বছর ৯ মাস দায়িত্ব পালন করার পর এবার তাকে একই করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত মার্চেও শাহাদাত হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব তৈরি করেছিল স্থানীয় সরকার বিভাগ। তবে সে সময় আদেশ জারি করা হয়নি। নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়া এবং মেয়র পদে তার দায়িত্ব পালন নিয়ে প্রশ্নের মধ্যে এবার তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিল সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যেভাবে মেয়র হন শাহাদাত

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির নেতা শাহাদাত হোসেন। তখন ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেনের প্রাপ্ত ভোট দেখানো হয় ৫২ হাজার ৪৮৯।

ওই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন শাহাদাত হোসেন। মামলায় নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল চার তিনি। এ মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে বিবাদী করা হয়।

এরপর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল করিম চৌধুরীকে মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। ওই বছরের ১৯ আগস্ট চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

পরে ১ অক্টোবর চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন শাহাদাতের করা মামলার রায় দেন। রায়ে রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে শাহাদাত হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করা হয়। একই সঙ্গে ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশে ৮ অক্টোবর নির্বাচন কমিশন শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এরপর ৩ নভেম্বর সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে মেয়র হিসেবে শপথ নেন তিনি। প্রায় তিন বছর ৯ মাস পর মেয়র হিসেবে শপথ নেওয়া শাহাদাতকে এবার সেই করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।