দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৬ অক্টোবর) গণামাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় যান পুলিশের কনস্টেবল রোহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন। এ সময় তাদের বিএসএফ ধরে নিয়ে যায়।
এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এ ধরনের ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন।
বিবৃতিতে তিনি আরও বলেন, স্বাধীন ও সার্বভৌম দুই প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা, অধিকার ও পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তার অভিযোগ, ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব এ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী।
মিয়া গোলাম পরওয়ার ভারতীয় কর্তৃপক্ষকে ঘটনাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করছে না। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানানো এবং এর প্রতিকার দাবি করার আহ্বান জানান তিনি।
