logo

‘শিক্ষার্থীদের ভালোবাসায় শিবিরের বিজয় নিশ্চিত হয়েছে’

‘শিক্ষার্থীদের ভালোবাসায় শিবিরের বিজয় নিশ্চিত হয়েছে’
নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত

প্রতিটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, এই বিজয় কোনো পেশিশক্তি বা অর্থের ছড়াছড়ি দিয়ে অর্জিত হয়নি। বরং সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরের আদর্শ এবং তাদের কল্যাণকামী কাজ দেখেই ব্যালটের মাধ্যমে সমর্থন দিয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এ কথা বলেছেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে যে নতুন রাজনৈতিক আবহ তৈরি হয়েছে, সেখানে ছাত্রশিবির সবচেয়ে জনপ্রিয় সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা রেখেছে কারণ তারা সবসময় সাধারণ ছাত্রদের সমস্যা সমাধানে পাশে ছিল। ক্যাম্পাসের সুস্থ ধারার রাজনীতিই শিবিরের প্রধান শক্তি।

শিবির সভাপতি বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় ছাত্রদল নির্বাচন নিয়ে নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে। ছাত্রদল এখন ছাত্রশিবিরকে আদর্শিক লড়াইয়ে চ্যালেঞ্জ করার মতো অবস্থানে নেই। যার ফলে তারা ডেমোক্রেসির স্বাভাবিক চর্চা বা ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাসে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা মব তৈরি করে বা আইনি মারপ্যাঁচে নির্বাচন স্থগিত করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরকে যারা গুপ্ত বলে প্রচার করতে চায়, শিক্ষার্থীরা নির্বাচনের মাধ্যমে তাদের সেই ন্যারেটিভ ভুল প্রমাণ করে দিয়েছে। সাধারণ ছাত্ররা শিবিরের জনশক্তিদের সাথে প্রতিদিন ক্লাসে এবং হলে ওঠাবসা করে, ফলে তাদের চরিত্র নিয়ে কোনো ধোঁয়াশা নেই। অপপ্রচার চালিয়ে শিবিরের অগ্রযাত্রা রোধ করা সম্ভব নয় বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।