এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন ব্যারিস্টার শাহেদুল আজম

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম। দলের চেয়ারম্যান ববি হাজ্জাজের এক সাংগঠনিক আদেশে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যারিস্টার শাহেদুল আজম দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায়ে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তার এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।
ব্যারিস্টার শাহেদুল আজম দলের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার রক্ষায় এনডিএম যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা বেগবান করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে যে আস্থা ও বিশ্বাস নিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি বদ্ধপরিকর।
ব্যারিস্টার শাহেদুল আজম এশিয়া পোস্টকে বলেন, এনডিএম কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়, এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম। আমি দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই—আপনারা ঐক্যবদ্ধ থাকুন। প্রতিকূল পরিবেশেও আমাদের আদর্শ থেকে বিচ্যুত হওয়া চলবে না। জাতীয় স্বার্থে এবং গণতন্ত্র রক্ষার তাগিদে সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে এনডিএম সবসময় উন্মুক্ত। আমরা প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই।
২০১৭ সালে ববি হাজ্জাজের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই দলটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে।