ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুবসমাজকে ভূমিকা রাখতে হবে: মামুনুল হক

দেউলিয়া রাজনীতি ও জুলুম অন্যায়ের কায়েমি ব্যবস্থার অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার যে বৈপ্লবিক সংগ্রাম, তাতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ‘মজলিসে শুরা আমের ১৬তম অধিবেশন ও প্রাক্তন দায়িত্বশীল পুনর্মিলনী’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, সমাজে দায়িত্বশীল ও যোগ্য নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতেই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আত্মপ্রকাশ। বিদ্যমান রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাজপথে যুব মজলিসকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
যুব মজলিসের নেতাকর্মীদের কথা, কাজ ও আচরণে ইসলামের সৌন্দর্য ও আদর্শের শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যুব মজলিসের প্রতিটি কর্মীকে আদর্শ, যোগ্যতা, দক্ষতা ও শৃঙ্খলায় সমৃদ্ধ হয়ে উঠতে হবে। নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ন্যায়, ইনসাফ ও কল্যাণের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।



