logo

এভাবে একটি দেশ চলতে পারে না, স্বাস্থ্যকেন্দ্র হামলা নিয়ে নাহিদ

এভাবে একটি দেশ চলতে পারে না, স্বাস্থ্যকেন্দ্র হামলা নিয়ে নাহিদ
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: নাহিদ ইসলামের ফেসবুক পেজ থেকে

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুরতার ভয়াবহ নিদর্শন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পরে পোস্টটি এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলামের বার্তা হিসেবে গণমাধ্যমে পাঠানো হয়।

নাহিদ ইসলাম বলেন, রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না।

তিনি বলেন, রাজধানীর বুকে চর দখলের মতো একটি হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে দখল করে নেওয়ার ঘটনায় দেশে আদৌ কোনো সরকারের অস্তিত্ব আছে কি না, তা নিয়েই জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, স্থানীয় লোকজনের অভিযোগ, এই ভাঙচুর ও দখলদারির পেছনে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে।

দিনের পর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যত নিষ্ক্রিয় ভূমিকা গোটা জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি।

রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নাহিদ। একই সঙ্গে ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে তাদের হাত-পা বেঁধে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা ও নগদ অর্থ লুট করে বলে অভিযোগ করা হয়েছে।

পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে হামলাটি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানিয়েছেন, হামলা ও ভাঙচুরে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রায় ৫০ বছর ধরে রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টারে প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।