Advertisement

কওমি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক, নীতিগত ঐক্যের ঘোষণা

এশিয়া পোস্ট ডেস্ক
কওমি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক, নীতিগত ঐক্যের ঘোষণা
এক টেবিলে কওমি ঘরানার ৭ ইসলামি দলের শীর্ষ নেতারা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৈঠক শেষে সংগঠনটি নীতিগত ঐক্যের ঘোষণা দিয়েছে। তবে এই ঐক্যের রূপরেখা পরে জানানো হবে বলে জানিয়েছে হেফাজত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় অনুষ্ঠিত এ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

তিনি বলেন, সভায় আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, নীতিগতভাবে আমরা এক থাকব। এই ঐক্যের ফর্মুলা কী হবে, তা শিগগিরই নির্ধারণ করা হবে।

তবে কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে বা ঐক্যের কাঠামো কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে হেফাজতের একাধিক সূত্রের দাবি, বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে থাকা কওমিপন্থী দলগুলোর অবস্থান নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আলহাজ জান্নাতুল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত সাত দলের নেতৃবৃন্দ আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। সভায় সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অত্যান্ত জরুরি। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব।

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী হেফাজত জেলা উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও দুর্গত মানুষের সহযোগিতা এবং পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।