জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, তা বিশ্বজুড়ে স্বীকৃত: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। অনেকে সংবিধানের প্রস্তাবনায় চব্বিশের গণ-অভ্যুত্থান এবং একাত্তরকে সমান করতে চেয়েছিলেন, কিন্তু একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত।
তিনি বলেন, জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। ২৫ মার্চ কালরাত্রিতে যখন পাক বাহিনী বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে, তখনই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার ডাক দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল- সেটি দালিলিকভাবে প্রমাণিত। এমনকি তিনি শেখ মুজিবুর রহমানের নামেও স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সেই কৃতিত্ব দিতে বরাবরই অস্বীকার করে এসেছে।
তিনি আরও বলেন, বিগত সরকার স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে। তারা রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাসকে অস্বীকার করেছে এবং সবকিছুকে কেবল একজনের কৃতিত্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কাউকে ক্রেডিট দিতে চায় না। কিন্তু আমরা সবার অবদানের স্বীকৃতি দিতে চাই, কারও সম্মান কেড়ে নিতে চাই না।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্র এখনও নতুন করে বিনির্মিত হয়নি। ২৪-এর অভ্যুত্থান আমাদের স্বৈরাচারমুক্ত করেছে, এখন আমাদের কাজ হলো একটি আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠন করা।