logo

গণভোট বাস্তবায়নে গণ‌-আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক 

গণভোট বাস্তবায়নে গণ‌-আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক 

গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌-আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (১৫ এপ্রিল) রাতে মোহাম্মদপুর সাত মসজিদ চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ সফল করতে এ আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, গণভোট এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর এটি একটি কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতি। 

গণভোট নিয়ে সরকার কোনো ধরনের কাটছাঁট, টালবাহানা বা প্রহসনের আশ্রয় যেন নিতে না পারে, সে জন্য সর্বস্তরের জনগণকে সচেতন, সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মামুনুল হক। 

গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়ে দলের আমির বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান গ্রহণ করেছে। এই দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দল রাজপথে থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। 

 

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা এহছানুল হক ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।