logo

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যা বললেন প্রধান উপদেষ্টা

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যা বললেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে। 

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে।

ড. ইউনূস বলেন, আশা করি আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বিপুলসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পর্যবেক্ষক পাঠাবে।

এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে যারাই বিজয়ী হবেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। একইসঙ্গে তিনি গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।

বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সংস্থাটির সঙ্গে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আবেদন করেছে।

তিনি বলেন, গত ১৮ মাসে সার্ককে পুনরুজ্জীবিত করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছি, যাতে দক্ষিণ এশিয়ার জনগণ ও অর্থনীতি আরও ঘনিষ্ঠ হতে পারে। আশা করছি, ভবিষ্যৎ সরকার এই উদ্যোগ এগিয়ে নেবে।

সাক্ষাতে দুই পক্ষের মধ্যে নির্বাচন ছাড়াও শ্রম আইনের ব্যাপক সংস্কার, প্রস্তাবিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।