রাজনীতি আমার কাছে এমপি-মন্ত্রী হওয়ার জায়গা না: ফুয়াদ

এশিয়া পোস্ট ডেস্ক
রাজনীতি আমার কাছে এমপি-মন্ত্রী হওয়ার জায়গা না: ফুয়াদ
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত

রাজনীতি এমপি-মন্ত্রী হওয়ার জায়গা নয় বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রোববার (১২ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটি জাতিগোষ্ঠী পৃথিবীতে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য যে শর্তগুলো পূরণ করা প্রয়োজন, সেগুলো পূরণ হচ্ছে না। দেশের চলমান সমস্যাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তা নিয়ে কথা বলার জন্য উন্মুক্ত ও উদার পরিসর তৈরি না করলে গণতন্ত্র টেকসই হবে না।

দেশে বারবার ক্ষমতার পরিবর্তন হলেও বঞ্চিত মানুষের উন্নয়ন না হওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অন্য অনেক দেশের মতো আমাদের প্রধানমন্ত্রীর কাছে কেউ কঠিন প্রশ্ন করে না। সাংবাদিকরা কেন কঠিন প্রশ্ন করেন না, এর দায় রাজনীতিবিদদেরও নিতে হবে।

তিনি বলেন, আমি মনে করি, জাতির হয়ে কথা বলার দায়িত্ব আমার আছে। কারণ আমি একজন রাজনৈতিক কর্মী। আমার যে কৃষক ভাই সরকারের কাছে নিজের কথা পৌঁছাতে পারছেন না, যে শ্রমিক তার সমস্যার কথা বলতে পারছেন না—তাদের হয়ে কথা বলাই আমার দায়িত্ব।

রাজনীতিবিদদের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ প্রসঙ্গে এবি পার্টির এই নেতা বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে প্রতিনিয়ত দেশের মানুষের কথা বলা। আমার ক্ষেত্রে এমপি-মন্ত্রী হওয়া খুবই সহজ একটি বিষয়। আমি কোনো সমঝোতায় যাইনি।

তিনি আরও বলেন, বড় দলগুলো আমাদের নিজেদের দলে নেওয়ার জন্য বহুবার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমার কাছে এমপি-মন্ত্রী হওয়াটা জরুরি নয়; জরুরি হচ্ছে দেশের মাটি ও মানুষের জন্য আপনি লড়াই করছেন কি না।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা পাওয়ার জন্য এমপি-মন্ত্রী হওয়া জরুরি নয়। জরুরি হচ্ছে আপনি তাদের হয়ে কথা বলছেন কি না।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই দাবি করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ডেড। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা বা সম্ভাবনা দেখানো হচ্ছে মূলত একটি আবেগের জায়গা থেকে।

তিনি বলেন, গত শত বছরে পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব কম যে কোনো শাসক গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আবার কোনো না কোনোভাবে ক্ষমতায় ফিরেছেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর যেভাবে দলটির নেতৃত্ব দেশ ছেড়ে চলে গেছে, সেই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার যৌক্তিক জায়গা নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদের মধ্যে আলোচনা করলে শেখ হাসিনা ও তার সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন। তারা দেখেছেন, ভুল রাজনৈতিক সিদ্ধান্ত, নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কীভাবে একটি দলকে সংকটে ফেলেছে।

ব্যারিস্টার ফুয়াদের ভাষ্য, রাজনীতির মূল বিষয় হচ্ছে মানুষের পাশে থাকা। পদ-পদবি নয়, মানুষের আস্থা অর্জন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।